সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্প‌তিবার (৬ নভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ।
অভিযানকালে মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ২০ হাজার, আল মদিনা ফার্মেসিকে ১০ হাজার এবং এ বি ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি একটি ফার্মেসিতে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ মেলে। অভিযান শুরু হলে ২০–৩০টি ফার্মেসি দোকান বন্ধ করে মালিকেরা পালিয়ে যান। ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ বিক্রি শুধু আইনভঙ্গ নয়, এটি মানবতারও অবমাননা। আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছি যেন জনগণ নিরাপদ ও মানসম্মত ওষুধ পায়। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফার্মেসিগুলোকে আমরা সচেতন হতে বলেছি, যেন তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে এবং ওষুধ বিক্রিতে সর্বোচ্চ সততা বজায় রাখে।