আড়াইহাজারে পুকুর পাড়ের ঝোপ থেকে লুট হওয়া শটগান উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১০:০২ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পুকুর পাড়ের ঝোপ থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি সরকারি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে স্থানীয়দের দেওয়া সন্দেহজনক কার্যকলাপের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আড়াইহাজার পৌরসভার সরকারি সফর আলী কলেজের সামনে একটি পুকুরের পূর্ব পাড়ে ঘন ঝোপের ভেতর কাপড় ও মাটি চাপা দেওয়া অবস্থায় অস্ত্রটি খুঁজে পাওয়া যায়।

উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। পুলিশ নিশ্চিত করেছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যূত্থানের দিন আড়াইহাজার থানায় হামলা ও লুটপাটের সময় ছিনতাই হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, টহল দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি খুঁজে পায়। তিনি বলেন, দূর থেকে যাতে বোঝা না যায়, সেভাবেই এটি কৌশল করে লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, অস্ত্রটি কেউ দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিল এবং নিরাপদ সময়ের অপেক্ষায় ছিল। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় নেওয়া হয়েছে এবং বাকি লুট হওয়া অস্ত্রগুলোর অবস্থান শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।