ভিআইপি গিরি বন্ধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার অঞ্জন দাসের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন / ১০০০
ভিআইপি গিরি বন্ধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার অঞ্জন দাসের

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-০৩ আসনের মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাসের নেতৃত্বে শুক্রবার ০৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ জিরো পয়েন্ট থেকে শিমরাইল পর্যন্ত এক বিশাল নির্বাচন গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলে শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, খেটে খাওয়া মানুষ ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিল চলাকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শ্রমিক নিপীড়ন, ভোটাধিকার হরণ এবং ক্ষমতাসীনদের ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে স্লোগানে সড়ক প্রকম্পিত হয়ে ওঠে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অঞ্জন দাস বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটি সাধারণ মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনে ভিআইপি গিরি বন্ধ করে দেওয়া হবে। জনপ্রতিনিধি মানে জনগণের চাকর, জনগণের ওপর বসে থাকা কোনো প্রভু নয়।

তিনি আরও বলেন, আজ প্রশাসন, রাজনীতি ও রাষ্ট্রে ভিআইপি সংস্কৃতি চালু আছে বলেই সাধারণ মানুষ অবহেলিত, শ্রমিক নির্যাতিত এবং ভোটাধিকার ভূলুণ্ঠিত। আমি সংসদে গেলে প্রথম কাজ হবে এই ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের সমান অধিকার নিশ্চিত করা।

অঞ্জন দাস বলেন, আমি কোনো লুটেরা গোষ্ঠীর প্রতিনিধি নই। আমি শ্রমিক-মেহনতি মানুষের প্রতিনিধি। যারা রাস্তায় দাঁড়িয়ে ঘাম ঝরায়, কারখানায় কাজ করে, বাজারে ন্যায্য দামে পণ্য কিনতে পারে না,আমি তাদের কণ্ঠস্বর। একটি সৎ, সাহসী ও আপসহীন বিকল্প চাইলে মাথাল মার্কায় ভোট দিন।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আগামীতেও নারায়ণগঞ্জ-০৩ আসনের প্রতিটি এলাকায় গণমিছিল, গণসংযোগ ও জনসভা করে ভিআইপি গিরি ও শোষণমুক্ত সমাজ গঠনের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।