ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত : আজাদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ২:০২ অপরাহ্ন / ১০০০
ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত : আজাদ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ভোট দিলেন নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম আজাদ। নির্বাচন ঘিরে ভোটারদের অংশগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসেন, আমার ওপর আস্থা রাখেন, আমাকে বন্ধু মনে করেন।’

তিনি বলেন, ‘আমার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা রয়েছে; তাদের প্রতিও আমার একই রকম ভালোবাসা রয়েছে। আমি আশাবাদী, এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৪ হাজার ৯৯ জন। উপজেলার ১১৮টি কেন্দ্রের ৭০৭টি কক্ষে ভোট গ্রহণ চলছে।