সোনারগাঁয়ে মাদক কারবারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি মান্নান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে মাদক কারবারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি মান্নান

সোনারগাঁয়ে মাদক কারবারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে মাদক কারবারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রতিটি ইউপি চেয়ারম্যানদের একদিনের মধ্যে মাদক কারবারি ও দখলদারদের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা তাঁর প্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে সংসদে শপথ নিয়েছি। তাই সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের যদি প্রয়োজনীয় সেবা দিতে না পারি, তাহলে আমি কেমন এমপি? সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই আমার প্রথম আইনশৃঙ্খলা সভা। এই সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং জনস্বার্থে যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলোর বাস্তবায়ন চাই। পরবর্তী সভায় আমরা যেন তার দৃশ্যমান ফলাফল পাই এ প্রত্যাশা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে রাখছি।

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।