
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর বিএনপি কর্মী-সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় জামায়াত কর্মী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম স্থানীয় বাজারে একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় বিএনপি পরিচয়ধারী কতিপয় উচ্ছৃঙ্খল কর্মী তাঁর ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে তাঁর মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলামের মাথা ফেটে গুরুতর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।
এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ। অবিলম্বে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, “এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এভাবে সহিংস ও সন্ত্রাসী কায়দায় হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আচরণ স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণকে মনে করিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :