ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন / ১০০০
ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরের দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় মিছিলটি হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মিছিলে ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী অংশ নেন।

আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ (পলাশ) মিছিলটিতে নেতৃত্বে দিচ্ছেন—এমনটি ভিডিওতে দেখা যায়। কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পরা অবস্থায় দলটির ১ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতারা হাতে একটি ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানারের নিচের দিকে লেখা ‘ময়মনসিংহ জেলা ছাত্রলীগ’।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মিছিল হওয়ার খবর আমরা পেয়েছি। তবে কখন মিছিল করেছে, তা এখনও জানতে পারিনি এবং কাউকে আটক করতে পারিনি। আমরা তদন্ত করছি।