নারায়ণগঞ্জ মহানগরের বহু নেতাকর্মীকে একত্র করা হয়েছে : মাসুদুজ্জামান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ মহানগরের বহু নেতাকর্মীকে একত্র করা হয়েছে : মাসুদুজ্জামান

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান খানপুরের বরফকল এলাকায় নির্বাচনকালীন নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রচারণা আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যেই এ কার্যালয় চালু করা হয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, সকলে মিলে জনতার দ্বারে দ্বারে গিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের বার্তা ও ধানের শীষের প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ বিপুল জনসমর্থনে ধানের শীষ জয়ী হবে। জয় হবে গণতান্ত্রিক রূপান্তরের জাতীয় ৩১ দফার।

তিনি আরও বলেন, আজ ১৯ নভেম্বর নির্বাচনকালীন কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগরের বহু নেতাকর্মীকে একত্র করা হয়েছে। ভবিষ্যতের সকল নির্বাচনী কর্মসূচি এখান থেকেই পরিচালিত হবে বলে জানান তিনি। তাঁর ভাষায়, “আমাদের প্রতিটি কর্মসূচি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে এখান থেকে জনগণের কাছে পৌঁছাবে।”

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে প্রচারণার জন্য একটি কেন্দ্রীয় অফিস প্রয়োজন ছিল। আজ সেই প্রয়োজন পূরণ হয়েছে। কেউ কেউ থাকতে পারেননি—হয়তো আমাদের ভুল ছিল। তবে সামনে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি, এখন মানুষের ঘরে ঘরে পৌঁছানোই দায়িত্ব।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু; মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু ও হাজী ফারুক হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মুরাদ ও শওকত হোসেন শকু। উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে দলীয় নেতারা ফুল দিয়ে মাসুদুজ্জামানকে শুভেচ্ছা জানান।