খালেদা জিয়ার সুস্থতার কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন / ১০০০
খালেদা জিয়ার সুস্থতার কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর মদনগঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মদনগঞ্জ ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আব্দুল মতিন চাঁদপুরী। তিনি দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনগনের সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

দোয়ায় তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত সাবেক এই প্রধানমন্ত্রীকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না।

এছাড়াও, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, কাজী মো. সেলিম, বন্দর থানার ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, আশরাফ উদ্দিন, হাজী মো. মোশারফ হোসেন, বাচ্চু মিয়া, আব্দুস সামাদ, মো. সোহেল, হাসান চৌধুরী, মিজানুর রহমান লুক্কা, মন্টু মিয়া, রাজু আহমেদ, জাবেদ মিয়া, আব্দুল্লাহ প্রমুখ।