ওয়ান বক্স পলিসির ভিত্তিতে আগামী নির্বাচনটা করতে চাচ্ছি : মামুনুল হক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৪:১১ অপরাহ্ন / ১০০০
ওয়ান বক্স পলিসির ভিত্তিতে আগামী নির্বাচনটা করতে চাচ্ছি : মামুনুল হক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘সকলেই মুখিয়ে আছে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন করবে। সরকার এই বিষয়ে বার বার প্রত্যয়ের ঘোষণা দিচ্ছে। কিন্তু আমরা এখনও এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ আশ্বস্ত না; যে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে। প্রশাসনের এখনও বিগত সময়ের দলীয়করণ রয়ে গেছে। এখন পর্যন্ত আপত্তি করার মতো ঘটনা ঘটেছে।’

রোববার (৪ জানুয়ারী)রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকার একটি মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আমাদের সমঝোতা গড়ে উঠেছে আন্দোলনের মাঠ থেকে। আমরা আন্দোলনের মাঠ থেকে এক বাক্সের নীতিতে দলগুলো সমঝোতার মাঠ থেকে নির্বাচন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা ভিন্ন কোনো চিন্তা করছি না। আশা করছি শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’

তিনি বলেন, ‘এখানে বিষয়টা খুবই জটিল। প্রত্যেকটা আসনের বিপরীতে একজন করে প্রার্থীকে চূড়ান্ত করা জটিল প্রক্রিয়া। এরপরও অনেক দূর অগ্রসর হয়েছি। প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান এই বিষয়গুলো মাথায় রেখেই সমঝোতা হবে। আমরা কোনো জোট করছি না, এটা নির্বাচনী আসন সমঝোতা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ ওয়ান বক্স পলিসির ভিত্তিতে নির্বাচন করার চেষ্টা করছি। বিশেষ করে জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের আকাংখাকে শ্রদ্ধা করতে চেয়েছি। সে জন্য ওয়ান বক্স পলিসির ভিত্তিতে আগামী নির্বাচনটা করতে চাচ্ছি।’

সাম্প্রতিক সমেয় ১০১ জন আলেমের বিবৃতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘এটাকে আলেম উলামারা ভিনদেশী কোনো চক্রের এজেন্ট বলে আখ্যায়িত করেছে। আমরা মনে করি এই ১০১ জন আলেমের বিবৃতি গভীর কোনো ষড়যন্ত্রের আলামত। ইসলামী শক্তিকে বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশকে বিভক্ত করার একটা সূদুরপ্রসারী চক্রান্তের অংশ। এ রকম বানোয়াট বিবৃতি দেয়া খুবই আপত্তিকর বিষয়।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফাতীহ মুহাম্মদ সোলাইমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।