সোর্স সন্দেহে যুবককে রাতভর নির্যাতন, ৯ মাদক কারবারি গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন / ১০০০
সোর্স সন্দেহে যুবককে রাতভর নির্যাতন, ৯ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর সোর্স সন্দেহে এক যুবককে অপহরণ করে রাতভর নির্যাতন করেছে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি চক্র। এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাজীব, মো. রাজু, মো. সায়ন, মো. জাহিদ, মো. পৃথিবী, মো. সজীদ, মো. সরফরাজ, মো. কবির হোসেন ও মো. বশির।

‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইনম্যান শামসাদকে অপহরণ করে একটি মাদক কারবারি চক্র। তাদের সন্দেহ ছিল যে শামসাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসার তথ্য সরবরাহ করে। এই অভিযোগে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়।

বিষয়টি জানাজানির পর বাসিলা সেনা ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সরাসরি জড়িত ৯ জনকে গ্রেফতার করে।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তাদের অপহরণ ও নির্যাতনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতারও প্রমাণ পাওয়া গেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ‎গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।