
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ফাতেমা ওরফে ফতে (৬৫) ঢাকার ওয়ারী এলাকা থেকে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগের অভিযানে আটক হয়েছে। গত শুক্রবার রাতে মাদক কারবারি ফাতেমাকে গ্রেফতার করা হয়।
ধৃত ফাতেমা নারায়ণগঞ্জ সদর থানাধীন আমলাপাড়া এলাকার ইসলাম মিয়ার স্ত্রী।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ওয়ারীর নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ ফাতেমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার হওয়া ফাতেমা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এছাড়াও মাদক কারবারি ফাতেমা এর আগে ২০২২ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকা থেকে ৮০০ শত পিস ইয়াবা সহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হয়েছিলেন। মাদক কারবারি ফাতেমা ওরফে ফতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার প্রায় একাধিক থানায় মাদক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :