সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ এক যুবক আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ এক যুবক আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পুড়িয়া হেরোইনসহ রিপন (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃত ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রিপন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের আহমেদ মৃধার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ মধ্য রসুলবাগ এলাকার মামুনের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মাদানীনগর চৌরাস্তায় ‘আল্লাহ দান বিরিয়ানী’ নামক দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পেছনের পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৫১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৩০০ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শহীনূর আলম বলেন, আটককৃত রিপন রসুলবাগ এলাকার মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বেরও ৪টির বেশি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।