
গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত ও আটককৃত মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষ ও রোগব্যাধি ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি ভিত্তিতে ত্রাণ না পৌঁছালে আরও হাজার হাজার নারী-শিশুর মৃত্যু অনিবার্য হয়ে পড়বে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ১৩টি ত্রাণবাহী নৌযান ও বহু মানবাধিকার কর্মীকে আটক করেছে। অথচ এই নৌযানগুলো গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও ওষুধ বহন করছিল। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বিরত রাখা যায় না। নৌযান ও মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে।
তিনি আরও বলেন, মূলত দখলদার ইসরায়েল ফিলিস্তিনে জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে। আন্তর্জাতিক পানিসীমায় ত্রাণবাহী জাহাজে বাধা দিয়ে তারা চরম অপরাধ করেছে।
বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষুধার্ত গাজাবাসীর প্রাণ রক্ষায় ত্রাণবাহী জাহাজগুলোকে নিরাপদে গাজায় পৌঁছাতে দিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে আটককৃত মানবাধিকার কর্মীদের নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :