আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের একটি সুন্দর আড়াইহাজার উপহার দিব : আজাদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন / ১০০০
আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের একটি সুন্দর আড়াইহাজার উপহার দিব : আজাদ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের একটি সুন্দর আড়াইহাজার উপহার দিব। আগামী নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় গেলে আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকসহ সকল অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। চুরি ডাকাতি বন্ধে নেয়া হবে সর্বোচ্চ পদক্ষেপ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। একটি সমৃদ্ধ মডেল আড়াইহাজার গড়তে সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের উদ্যোগে বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৮ জানুয়ারি ) বিকেলে শ্রীনিবাসদি মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী, শ্রীনিবাসদী সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন।