
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে কোনোভাবেই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য সরকারের সঙ্গে সম্পৃক্ততা ও দলীয় শক্তি অপরিহার্য।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নারায়ণগঞ্জের নতুন কোর্ট প্রাঙ্গণে ফতুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী হচ্ছেন মুফতি মনির হোসাইন কাশেমী। তার নির্বাচনী প্রতীক খেজুর গাছ। খেজুর গাছের বিজয় মানেই বিএনপির বিজয়।”
তিনি ফতুল্লাবাসীর উদ্দেশে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে মুফতি মনির হোসাইন কাশেমীকে বিজয়ী করুন। ইনশাল্লাহ তিনি নির্বাচিত হলে ফতুল্লার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”
স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে মামুন মাহমুদ বলেন, “যারা বলছেন তারা জলাবদ্ধতা নিরসনসহ উন্নয়ন করবে, তারা কীভাবে করবে? স্বতন্ত্র প্রার্থীরা কি সরকারের কাছ থেকে একটি টাকার বরাদ্দও আনতে পারবে? তাহলে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে লাভ কী?”
তিনি আরও বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা কেউই বিএনপির নয়। উন্নয়নের জন্য অবশ্যই সরকারের ছত্রছায়ায় থাকতে হয়। এই বিষয়গুলো আমাদের মা-বোনদেরসহ এলাকার সবাইকে বুঝিয়ে বলতে হবে।” “এই আসনে আমাদের অনেকেই প্রার্থী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল ও জোটের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি মনির হোসাইন কাশেমীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৮ সালেও তিনি এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি।”ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :