
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণের ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল হয়েছে। শহর-বন্দরের আপামর জনতার জয় হয়েছে। মানুষ কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, এটাই আমাদের বড় পাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।
শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকালে নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি আবুল কালামের বন্দর নবীগঞ্জ বাড়ীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকারের নেতৃত্বে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্যে সাক্ষাতে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থী আবুল কালাম জয়ী হয়েছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আবুল কালাম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মুসলিম-হিন্দু ভাই বোনেরাও ধানের শীষ প্রার্থী উপর ভরসা রেখেছেন। আমরা অবশ্যই কৃতজ্ঞ ভোটারদের প্রতি। আগামী পাচঁ বছর নবনির্বাচিত এমপি আবুল কালামের সফলতা কামনা করি এবং বিগত তিনবারের অভিজ্ঞতা নিয়ে শহর-বন্দরের উন্নয়নে আরো অবদান রাখবেন।
আপনার মতামত লিখুন :