রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহর মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৪:০০ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহর মৃত্যু

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার ( ২৯ এপ্রিল) বিকেলে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ জানায়, গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন শহিদুল্লাহ মিয়া। খামারের পাশে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী বিএনপির স্হানীয় কর্মী নিয়মিত মাদক বিক্রি করতেন। মাদকাসক্তরা সেখানে আসর বসাতেন। পরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শহিদুল্লাহ মিয়ার সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ১১ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে খামারে গিয়ে মাদক বিক্রি ও সেবন করার সময় শহিদুল্লাহ মিয়া বাঁধা দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে থাকা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে শহিদুল্লাহ মিয়া গুরুতর জখম হয়। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল বুধবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এব্যাপারে ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে ৪জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় দায়েরকৃত ওই মামলা এখন হত্যা মামলায় পরিণত হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।