সোনারগাঁয়ে দুই চুনা কারখানা উচ্ছেদ, ১ জনকে জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে দুই চুনা কারখানা উচ্ছেদ, ১ জনকে জরিমানা

সোনারগাঁয়ে দুই চুনা কারখানা উচ্ছেদ, ১ জনকে জরিমানা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি অভিযানে বাধা ও কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী এলাকায় একটি অসাধু চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দুটি চুনা কারখানা পরিচালনা করে আসছিল। এসব অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

 

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে কারখানার স্থাপনা ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে কারখানা পরিচালনায় সহযোগিতার দায়ে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

সুরজিত কুমার আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষা এবং রাজস্ব ক্ষতি প্রতিরোধে কোনো ধরনের অবৈধ সংযোগের বিষয়ে ছাড় দেওয়া হবে না। অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।