
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গণসংহতির বিক্ষোভ
কলকারখানা ও আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ২ নম্বর রেলগেট ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব মো. সোহাগ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মুনা, জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাসাবাড়িতে গ্যাসের সংকট ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তিনি দাবি করেন, প্রায় ৩০০টি গার্মেন্ট কারখানার মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। গত ১২ ফেব্রুয়ারি জনগণ বিএনপি সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এমন দুর্ভোগ দেখার জন্য নয়। গণসংহতি আন্দোলন সাধারণ মানুষের পক্ষে কথা বলতে আগের মতোই রাজপথে থাকবে।
বিপ্লব খান বলেন, প্রতিবাদ করলেই এখন অনেকে বলেন, ‘আমরাও তো সরকারে আছি।’ আমরা সরকারে আছি, তাই বলে অন্যায়, জুলুম কিংবা সংকটে মুখে কুলুপ এঁটে বসে থাকব না। যেকোনো ন্যায্য দাবিতে আমাদের কণ্ঠস্বর বন্ধ হবে না। জনগণের স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই। অনতিবিলম্বে সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে। শিল্পকে রক্ষা করতে হবে। শিল্প বাঁচলেই দেশ বাঁচবে।
পপি রাণী সরকার বলেন, অবিলম্বে নারায়ণগঞ্জের আবাসিক ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ সদরে ডিপিডিসি জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নারায়ণগঞ্জবাসীর মতের বিরুদ্ধে গিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ বিভাগকে এর খেসারত দিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য রফিকুল বাপ্পি, নাজমা বেগম, রাইসুল রাব্বিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :