
ফুলবাড়ী দিবসে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ছাত্র ফেডারেশন
ফুলবাড়ী দিবস উপলক্ষে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। বুধবার (২৬ আগস্ট) সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রেসিডেন্ট রোড থেকে শুরু হয়ে বিবি রোড প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফুলবাড়ী আন্দোলনের শহীদ আমিন, তরিকুল ও সালেকিনকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বলেন, ফুলবাড়ী আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতীয় সম্পদ ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়। ফুলবাড়ীর দাবি ও চেতনা আজও অমলিন—জনগণের সম্পদ জনগণেরই থাকবে।
তিনি বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর আপামর জনতা বিদেশি বহুজাতিক কোম্পানির হাত থেকে দেশের কয়লা ও জাতীয় সম্পদ রক্ষায় ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল। ওই আন্দোলনে শহীদ তরিকুল, সালেকিন ও আমিনের রক্তের বিনিময়ে তৎকালীন সরকার জনগণের সঙ্গে ঐতিহাসিক ছয় দফা চুক্তি করতে বাধ্য হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই ছয় দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে আবারও জনস্বার্থ ও পরিবেশের বিপর্যয় ডেকে এনে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অপতৎপরতা চালানো হচ্ছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে হাজার হাজার মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি কৃষিজমি ধ্বংস ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’—ফুলবাড়ী দিবসের এই ঐতিহাসিক স্লোগান ও চেতনা এখনও অমলিন। জাতীয় সম্পদ নিয়ে কোনো ধরনের জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্র হলে ফুলবাড়ী আন্দোলনের পথ অনুসরণ করে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।
আপনার মতামত লিখুন :