
সিদ্ধিরগঞ্জে বহুতল ঝুলছে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনের বারান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার বিপরীতে ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার ১০ তলা বিশিষ্ট ফ্রেন্ডস টাওয়ারের ৮ম তলার একটি বারান্দায় ওই ব্যানারটি দেখা যায়।
স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, ওই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রচারণার বিষয়ে সক্রিয় রয়েছেন। তাদের অভিযোগ, তিনি গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে, স্থানীয় সূত্র থেকে ওই যুবকের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট যুবকের মা জানান, ধুলাবালি যাতে ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে কারণেই ব্যানারটি বারান্দায় ব্যবহার করা হয়েছিল। তবে পরে কিছু লোক এসে ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে তিনি দাবি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আপনার মতামত লিখুন :