
সোনারগাঁয়ে ৩৫ বোতল এসকাফসহ ৩ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য এসকাফসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সোনারগাঁও জাদুঘরের ১ নম্বর গেট সংলগ্ন টিপরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শিংপাড়া এলাকার মো. আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা থানার মালিহা রাজাপুর এলাকার অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর চৈতা এলাকার মনির হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, আনোয়ার বর্তমানে ঢাকার কাফরুলের আগারগাঁও তালতলা এলাকায় এবং কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল টিপরদী সাততলা ভবনের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তির কাছে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল এসকাফ পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :