সজাগ থাকতে হবে এবং ঘরের শত্রু বিভীষণদের চিনে রাখতে হবে : আবুল কালাম এমপি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন / ১০০০
সজাগ থাকতে হবে এবং ঘরের শত্রু বিভীষণদের চিনে রাখতে হবে : আবুল কালাম এমপি

সজাগ থাকতে হবে এবং ঘরের শত্রু বিভীষণদের চিনে রাখতে হবে : আবুল কালাম এমপি

 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ‘আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে থাকবেন, রাজাকার এবং দোসররা সংসদের ভেতরে এবং বাইরে তাদের চরিত্রের মুখোশ উন্মোচন করা শুরু করে দিয়েছে। মাত্র ছয় মাসের সরকারের মাথায় এখন তারা বলতে চাচ্ছে যে, এক দফার দাবিতে তারা নাকি আন্দোলনে নামবে।’

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

 

আবুল কালাম বলেন, যেখানে দফার কোনো সূচনাই হয়নি, সেখানে তারা এক দফা শুরু করে দিয়েছে। তারা ১৯৭১ সালের পর থেকে কোথায় ছিল যে আজকে সংসদে গিয়ে এত বড় কথা বলার দুঃসাহস পায়? কোন দোসরদের শক্তিতে তারা এই সাহস পাচ্ছে?

 

বিএনপির সরকার গঠনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আপনারা জানেন যে আমাদের সংগ্রামী চেয়ারপারসন এবং আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিদেশে দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এই দেশবাসীকে একটি সুসংবাদ দিয়েছেন। সেটা হলো, বিএনপি আজকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে সরকার গঠন করেছে। এটা আজ জনগণের পাওনা ছিল, জনগণের অধিকার তারা ফেরত পেয়েছে।’

 

বিগত সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর এই দেশের জনগণ, আমরা নারায়ণগঞ্জবাসীরা দেখেছি এই রাজপথেই প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আমাদের সংগ্রামী সাথীদের হত্যা করা হয়েছে।’

 

বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের প্রসঙ্গে আবুল কালাম বলেন, ‘তারেক রহমানের এই সরকারের গত ছয় মাসে কি কোনো ব্যর্থতা আছে? চারদিকে আমাদের যুবসমাজের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ তৈরির নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে জাতীয় বাজেটে শিক্ষাক্ষেত্রকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর স্বাস্থ্য খাতে রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ।’

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৮ বছরের স্বৈরাচারী শাসনের অবশিষ্টাংশ যে প্রশাসন রেখে গেছে, তাদের থেকে গত ছয় মাসে আমরা পূর্ণ সমর্থন পাচ্ছি না। তাই আমাদের শক্তি অর্জন করে বলীয়ান হতে হবে। আগামী দিনে যেসব নির্বাচন আসছে, সেগুলোতে সজাগ থাকতে হবে এবং ঘরের শত্রু বিভীষণদের চিনে রাখতে হবে। কারণ দল ও সংগঠন ঠিক না থাকলে নির্বাচন সহজ হবে না।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের শক্তি অর্জন করতে হবে। আমাদের শক্তি দিয়ে আমরা সংগ্রাম করব, আমাদের শক্তি দিয়ে আমরা আমাদের সংগঠনকে রক্ষা করব।’

 

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু ও ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আইনজীবী ফোরাম ও মহিলা দলের নেতাকর্মীরা।

 

সমাবেশ শেষে ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।