অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে গণসংহতি আন্দোলনের স্মারকলিপি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন / ১০০০
অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে গণসংহতি আন্দোলনের স্মারকলিপি

অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে গণসংহতি আন্দোলনের স্মারকলিপি

 

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ানো বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের জন্য যৌক্তিক হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়।

 

প্রতিনিধি দলে ছিলেন গণসংহতি আন্দোলন মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহাসহ অন্যান্যরা।

 

স্মারকলিপি প্রদানকালে তরিকুল সুজন অভিযোগ করেন, পরিবহন খাতে আগের সিন্ডিকেট এখনো বহাল রয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। বাস মালিকদের একটি অংশ বারবার ভাড়া বাড়ানোর সুযোগ খুঁজছে বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি বলেন, গত ২৩ এপ্রিল সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১১ পয়সা নির্ধারণ করে। কিন্তু ২১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকরা ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।

 

তরিকুল সুজন আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন বাসের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা নগর পরিবহন কর্তৃপক্ষের এসি বাসে ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের হাফ ভাড়াও ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

এ সময় তিনি বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য যৌক্তিক হাফ ভাড়া নিশ্চিত করার দাবি জানান।

 

স্মারকলিপি গ্রহণকালে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. রায়হান কবির গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। পরে তিনি বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

 

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের দাবি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জেলা প্রশাসকও স্বীকার করেছেন।

 

জেলা প্রশাসক মো. রায়হান কবির অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে বাস মালিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক বাস ভাড়া নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।