সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২৭


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১০:০১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২৭

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২৭

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার (৪ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ৬ জন এবং মাদকসেবী হিসেবে ১২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, নিয়মিত মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশের তথ্যমতে, মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দেওয়ান আরজু (৫৪), মো. বাহা উদ্দিন (৫৮), মো. জুয়েল (২৩), রেহানা (৬০), হনুফা (৩২) ও রুবি (৪৫) রয়েছেন।

 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আল আমিন (৪২) এবং বৈষম্যবিরোধী মামলায় মো. হুমায়ুন কবির (৪৪) ও ছানাউল্লাহ (৩২) কে গ্রেফতার করা হয়েছেন।

 

এ ছাড়া পুরাতন মামলায় সিয়াম (১৮), রফিকুল ইসলাম, মো. আজগর আলী (২১) ও মুন্না (৪২), ডাকাতির প্রস্তুতি মামলায় মো. সাব্বির আহমেদ (২০) এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. বাছেদ (৪৯)কে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।