
বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে।
রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। বন্দর থানার এফআইআর নম্বর-৭ অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে মামলার পলাতক আসামি করা হয়েছে, যিনি কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। এরপর ট্রাকটি দ্রুত এসে সড়কের পাশের একটি দোকানে উঠে যায়।
আপনার মতামত লিখুন :