
সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর পুনঃজামিন মঞ্জুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তাঁর আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনর্জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
এ উপলক্ষে মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি হিসেবে আদালতে হাজির হন সাবেক মেয়র আইভী। পরে তাঁর আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, “আজ সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। আমরা আদালতে পুনর্জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।”
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলাটির নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। মামলায় মোট ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।
আদালতে পুনর্জামিন মঞ্জুরের মধ্য দিয়ে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিনসংক্রান্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হলো। তবে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :