ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন / ১০০০
ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের এক মাসের বেসিক বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা’সহ চলতি (মার্চ) মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি আঃ হাই শরীফ, গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির আইন ও দরকষাকষি সম্পাদক নুর ইসলাম আক্তার, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন ও নারী নেত্রী রঞ্জিতা আক্তার প্রমুখ।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে শ্রমিকদের কাঙ্খিত ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনাসহ চলতি (মার্চ) মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে। কারণ শ্রমিকরা যেই মজুরি পায় তা দিয়ে বারো মাস টানাটানির মধ্যে ধারদেনা করে চলে। কতিপয় মালিক মাসের পর মাস শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রাখে। ঈদকে কেন্দ্র করে সকল বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। শ্রমিকরা আশায় থাকে ঈদকে কেন্দ্র করে বোনাস সহ সকল বকেয়া পাওনা এক সাথে পেলে ধারদেনা পরিশোধ করবে। বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন, স্ত্রী সন্তানদের জন্য নতুন পোশাক কিনবে। এসব বিবেচনায় নিয়ে যথাসময়ে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকরা রাস্তা-ঘাটে চলাচলে যাতে চুরি ছিনতাইকারীর কবলে না পড়ে সেজন্য তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। পরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে রেখে শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা যাতে বাড়ি ফিরে আপনজনদের সাথে মিলিত হয়ে ঈদ উৎসব ভাগাভাগি করে উপভোগ করতে পারে। সেই লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ, বিজিএমইএ এবং সরকারের পক্ষ থেকে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

 

তারা আরও বলেন, কোন শ্রমিককে বেতন-বোনাস থেকে বঞ্চিত করা হলে কিংবা ঈদকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই করা হলে তা বরদাস্ত করা হবে না। ঈদের আগে গার্মেন্টস শ্রমিক’সহ অন্যান্য কারখানার শ্রমিকদের এক মাসের বেসিক বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনাসহ চলতি (মার্চ) মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। ব্যত্যয় ঘটলে সরকারের দায়িত্বশীল দপ্তর, বিকেএমইএ, বিজিএমইএ ও প্রয়োজনে কারখানা মালিকের বাড়ি ঘেরাও করে শ্রমিকদের পাওনা আদায়ের হুশিয়ারি দেয় নেতৃবৃন্দ।