যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের, শহরে বিক্ষোভ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন / ১০০০
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের, শহরে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের, শহরে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের, শহরে বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরানে হামলা বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাসদ জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

 

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এটি দেশের অর্থনীতি, কৃষি-শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

 

বক্তারা আরও বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হতে পারে। একই সঙ্গে দেশীয় শিল্প ও কৃষি খাত কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বে। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হবে, যা দেশের নীতিনির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।

 

নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থি।

 

সমাবেশে নেতৃবৃন্দ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান।