
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত রেডিকেল ডিজাইন লিমিটেড কারখানার গার্মেন্টস বিভাগ ‘অবৈধভাবে’ বন্ধ ঘোষণা ও ৫৯ জন শ্রমিক বরখাস্তের প্রতিবাদে হস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর ৩টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিকদের আয়োজন করা এই বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সোলাইমান।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি হাসনাত কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, মালিকপক্ষ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩ (১)-এর অপব্যবহার করে গত ৭ এপ্রিল কারখানার গার্মেন্টস বিভাগ বন্ধ ঘোষণা করে, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। একই দিনে ৫৯ জন শ্রমিককে কারণ দর্শানো নোটিশসহ বরখাস্ত করা হয়। এই সিদ্ধান্ত শ্রমিকদের জীবিকা এবং শ্রম আইনের প্রতি সম্পূর্ণ উল্লঙ্ঘন।
শ্রমিকরা ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। প্রধান দাবিসমূহ হলো— অবিলম্বে বন্ধ কারখানা চালু করা, বরখাস্তকৃত ৫৯ শ্রমিককে পুনর্বহাল করা, সময়মতো বেতন পরিশোধ নিশ্চিত করা, শ্রমিকদের সাথে অসদাচরণ বন্ধ করা, হাজিরা বোনাস ৮০০ টাকা বৃদ্ধি করা, শ্রম আইন অনুযায়ী সকল অধিকার নিশ্চিত করা
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে অন্যথায় শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি হাতে নেবে।
আপনার মতামত লিখুন :