
ফতুল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় রাজ্জাক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরে তাকে একটি বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রাজ্জাক ফতুল্লা থানার রামারবাগ এলাকার আমির মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া রাজ্জাক দীর্ঘদিন ধরে পলাতক শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, তিনি রামারবাগ, লামাপাড়া, রিয়া গোপ স্টেডিয়ামসহ আশপাশ এলাকায় একটি নিজস্ব বাহিনী গড়ে তোলেন, যা স্থানীয়ভাবে “রাজ্জাক বাহিনী” নামে পরিচিত ছিল।
স্থানীয়দের আরও দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল, শিল্প প্রতিষ্ঠানের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ এবং এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করত বলেও তারা জানান।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও রাজ্জাক ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে।
স্থানীয়দের ভাষ্য, সরকার পরিবর্তনের পরও রাজ্জাক এলাকার প্রভাব ধরে রাখতে জেলা যুবদলের এক প্রভাবশালী নেতার আশ্রয় নেন এবং পূর্বের মতো বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জানান, রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা রয়েছে। তাকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) তাকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :