আড়াইহাজারে ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর পুলিশের জালে পাষণ্ড মেয়ে


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর পুলিশের জালে পাষণ্ড মেয়ে

আড়াইহাজারে ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর পুলিশের জালে পাষণ্ড মেয়ে

 

আড়াইহাজারে ভাইকে ফাঁসাতে মাকে হত্যার সাড়ে ৪ বছর পর পাষন্ড মেয়ে আয়েশা আক্তার রানু(৪৩) কে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় নুরুন্নাহার বেগমকে তার নিজ ঘরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পুলিশ নিহতের মেয়ে রানুসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। এমনকি এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের একমাত্র ছেলে কবির হোসেন কে আটক করে পুলিশ । তবে ঘটনার মূল রহস্য উদঘাটনে দীর্ঘ তদন্ত চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়রা জানান, নিহত নুরুন্নাহারের মেয়ে

রানুর সাথে স্বামীর বনিবনা না হওয়ায় রানু তার মায়ের সাথে বাপের বাড়িতে থাকতেন। ভাই কবির হোসেনকে ফাঁসিয়ে মা-বাবার সম্পত্তি একাই আত্মসাৎ করার উদ্দেশ্যে রানু সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে নিজ মাকে হত্যা করেন।

সিআইডির দীর্ঘ তদন্তে রানুর প্রত্যক্ষ সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আড়াইহাজার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।