
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে র্যালি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে তিনি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। পরে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :