সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৫:১২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি সিএনজি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও ৩-৪ জন পালিয়ে যায়।

 

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা গামী সড়কে এ অভিযান চালানো হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

 

পুলিশ জানায়, সোনারগাঁ থানার জিডি নং-২১০, তারিখ ৪ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে সাব-ইন্সপেক্টর শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রীকালীন দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৯-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় একটি সিএনজি নিয়ে অবস্থান করছে।

 

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়।

 

পুলিশের দাবি, গ্রেফতারদের কাছ থেকে একটি তালা কাটার কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, একটি লোহার রড, প্লাস, সেলাই রেঞ্জসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলে রেখে যাওয়া নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫ নম্বরের একটি সিএনজির পেছনের অংশ থেকে আরও তিনটি লোহার রড উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে।

 

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতার এবং ঘটনার বিস্তারিত তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।