নারায়ণগঞ্জে “লকডাউন” কর্মসুচির প্রভাব পড়েনি , ১২ ঘন্টায় গ্রেফতার- ২৭


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে “লকডাউন” কর্মসুচির প্রভাব পড়েনি , ১২ ঘন্টায় গ্রেফতার- ২৭

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২ ঘন্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিএনপি, এনসিপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় অবস্থানের কারণে আওয়ামী লীগের ডাকা কর্মসুচির কোন প্রভাব পড়েনি।সবকিছুই ছিল স্বাভাবিক।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন তৎপরতার কথা জানান। তিনি বলেন, জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছ।

এর আগের ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি কিছু ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করে পুলিশ। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলাজুড়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিক‌ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে শহর ও শহরতলীতে কোনো প্রভাব পড়েনি। নগরীর দোকানপাট, বিপণীবিতান সহ ব্যাবসা প্রতিষ্ঠান সময়মত খুলতে দেখা গেছে। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও পরিবহন শ্রমিকদের মধ্যে অজানা আতঙ্ক লক্ষ্য করা গেছে।

অপরদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।একাধিক স্থানে পুলিশের তল্লাশি চৌকিতে বাস থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।