সোনারগাঁয়ে শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে পুড়েছে ১৮ বসতঘর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৭:০১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে পুড়েছে ১৮ বসতঘর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১৮টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস-এর তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার বেশি সম্পদ পুড়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় নূরুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের জুম্মান মিয়া ও মাহিজ উদ্দিনের বাড়িতে। এতে তিনটি বাড়ির মোট ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্তরা ঘর থেকে একটি কাগজও উদ্ধার করতে পারেননি বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত নূরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তার বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকত। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হতে পেরেছেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।