খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : এসপি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন / ১০০০
খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : এসপি

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : এসপি

 

নারায়ণগঞ্জে যুবসমাজকে মাদক, গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

 

সোমবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

 

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়। কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা। এ ধরনের ক্রীড়া আয়োজন সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

উদ্বোধনী ঘোষণা শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের নির্ধারিত ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রাণবন্ত, দক্ষতা ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য ও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

 

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও কার্যকর করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ামোদী সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

 

‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’কে ঘিরে জেলা পুলিশের এ উদ্যোগকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।