‘হাশমত উল্লাহ ছিলেন সৎ ও নিবেদিত সমাজকর্মী’ স্মরণসভায় বক্তারা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন / ১০০০
‘হাশমত উল্লাহ ছিলেন সৎ ও নিবেদিত সমাজকর্মী’ স্মরণসভায় বক্তারা

‘হাশমত উল্লাহ ছিলেন সৎ ও নিবেদিত সমাজকর্মী’ স্মরণসভায় বক্তারা

বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) এ ওয়াই এম হাশমত উল্লাহর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ এপ্রিল) অপরাহ্নে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পশ্চিম দেওভোগ ভূইয়াবাগ বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ওয়াই এম হাশমত উল্লাহ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ, নির্মোহ ও নিবেদিত সমাজকর্মী। তিনি সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মানুষ ছিলেন। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে আধুনিক চিন্তায় সমাজকে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সবসময় মানুষের সমবেত অংশগ্রহণ নিশ্চিত করার কথা ভাবতেন। মানবসেবায় সবাই এগিয়ে এলে তার বিদেহী আত্মা শান্তি পাবে এবং সমাজ আরও সুন্দর হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

 

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ)-এর সহসভাপতি এড. মো. নবী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনজিএ-এর সাধারণ সম্পাদক মঈন আহ্সান। পবিত্র কুরআন অনুবাদসহ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

স্মৃতিচারণ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো. আব্দুস সালাম, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মন্টু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন হাইস্কুলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক এড. বি এম হোসেন, নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মিহির, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইদুল ইসলাম শাকিল প্রমুখ।

 

অনুষ্ঠানে এ ওয়াই এম হাশমত উল্লাহর সন্তান শরীফ মো. তারেক ইউসুফ (আনন্দ) পিতার স্মৃতিচারণ করে তার সকল সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যানিকেতন হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর ২০২৬ থেকে ‘হাশমত উল্লাহ ফাউন্ডেশন’-এর আওতায় শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন।

 

সভাপতির বক্তব্যে এড. মো. নবী হোসেন বলেন, এ ওয়াই এম হাশমত উল্লাহ একজন অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সরকারি কর্মকর্তা হয়েও অত্যন্ত বিনয়ী ও শালীন আচরণের অধিকারী ছিলেন। তিনি নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন, নাগরিক কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জাতীয় ভোক্তা অধিদপ্তর, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, রহমতউল্লাহ মুসলিম ইন্সটিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার সমাজসেবামূলক কর্মকাণ্ড অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি।

 

শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানযিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন মঞ্জু