
সোনারগাঁয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়।
আটক ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়ানবী মসজিদে প্রবেশ করেন। সেখানে তিনি পবিত্র কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা তাকে শনাক্ত করেন। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয় কয়েকজনের দাবি, ইয়ানবী মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তার মানসিক অসুস্থতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “কোরআন অবমাননার অভিযোগে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :