
আড়াইহাজারে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে রিফাত অটো পার্টসের মালিক শাজাহান (৪০)–কে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুর (৬০)–কে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিব (৪০)–কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ। এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :