
বন্দরে মাদক দিয়ে ফাঁসিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর সিএসডি গেইট চক এলাকায় এক বৃদ্ধা মা ও তার ছেলেকে মাদক দিয়ে ফাঁসিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মাসুদা (৪৯) বাদী হয়ে মোঃ জীবন সহ ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, একরামপুর সিএসডি গেইট চক এলাকায় মোঃ জীবন (৩৩), মোঃ আকাশ (২৭), মোঃ সেলিম (৫০) ও মোঃ বাপ্পি (৪৫)-এর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী পরিবারটি তাদের বিদেশে পাঠানোর কাজে সহযোগিতা করে। পরে ১নং বিবাদী জীবন বিভিন্ন সময় ভুক্তভোগীর ছেলে মাসুদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। মাসুদ আর টাকা দিতে না চাইলে তাকে পরিকল্পিতভাবে মাদক দিয়ে ফাঁসানো হয় এবং মা-ছেলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ তথ্য ও বিকৃত ছবি প্রচার করে সামাজিক সুনাম ক্ষুন্ন করা হয়। ভুক্তভোগী মাসুদা জানান, অভিযুক্ত জীবন এখন সরাসরি ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে তাকে ও তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। ফলে নিরাপত্তাহীনতায় তারা বর্তমানে বাড়ি থেকে বের হতে পারছেন না।
আপনার মতামত লিখুন :