
আগামীকাল স্ত্রী সন্তান নিয়ে ডিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা হকারদের
নারায়ণগঞ্জে চলমান হকার ইস্যুকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন উচ্ছেদ হওয়া হকাররা।
সোমবার (৪ মে) সকাল ১০টায় ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা।
রোববার (৩ মে) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অংশ নিয়ে এ ঘোষণা দেন হকাররা।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার ইউনিয়নের সভাপতি রনি জানায়, আগামীকাল স্ত্রী ও সন্তানদের নিয়ে আমরা ডিসি অফিস ঘেরাও করবো। জেলা প্রশাসকের কাছে আমরা একটি স্মারকলিপি প্রদান করবো।
আন্দোলনকারীরা বলছেন, পুনর্বাসনের আগে উচ্ছেদ করা হলে তাদের জীবিকা চরম সংকটে পড়বে। তাই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।
এদিকে শহরে হকার ইস্যুতে উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ফুটপাত থেকে উচ্ছেদের পর থেকেই ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন হকাররা। নতুন করে ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :