
সোনারগাঁয়ে সন্ত্রাসবিরোধী ও মাদক মামলায় ১২ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, সন্ত্রাসবিরোধী ও অন্যান্য মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৬ কেজি গাঁজাসহ মাদক মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন, একটি মামলায় একজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী হিসেবে তিনজন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী বসুদেব বিশ্বাস (৪৬) এবং সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক খাজা (৪৮)।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন ফেনী সদর এলাকার মো. নাজিম (২১) ও চাঁদপুর সদর এলাকার মো. সানী (৩০)। তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. ফারুক মিয়া (২৭), সোনারগাঁয়ের চৌধুরী বারদী এলাকার মো. সুমন (৩৫) এবং আলগীর চর এলাকার মো. অপু (১৯)।
এ ছাড়া সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মুকবল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মহজমপুরের মো. কাজী জুবাইয়ের (২৭) ও পৌর ভবনাথপুরের মো. শাহীন মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়। অপর একটি মামলায় নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী দক্ষিণপাড়া এলাকার মো. শামীম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে গ্রেপ্তার ১২ জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :