ফতুল্লা থানাকে দুই ভাগ করার প্রস্তাব সংসদ সদস্য আল আমিনের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থানাকে দুই ভাগ করার প্রস্তাব সংসদ সদস্য আল আমিনের

ফতুল্লা থানাকে দুই ভাগ করার প্রস্তাব সংসদ সদস্য আল আমিনের

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে মন্তব্য করেছেন এই আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফতুল্লা থানাকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করেছেন তিনি।

 

শনিবার (১৬ মে) এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

 

তিনি বলেন, বিপুল জনগোষ্ঠীর তুলনায় ফতুল্লায় মাত্র একটি থানা থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত পুলিশি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জনসেবা নিশ্চিত করতে ফতুল্লা থানাকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে প্রায় সাড়ে পাঁচ লাখ ভোটার রয়েছে। এছাড়া এটি একটি বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় এখানে প্রায় ২৫ থেকে ৩০ লাখ মানুষের বসবাস। অথচ এত বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুরো এলাকায় রয়েছে মাত্র একটি থানা। ফলে মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে না।

 

তিনি বলেন, একটি থানার সীমিত জনবল দিয়ে ২০ থেকে ৩০ লাখ মানুষের সেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। তারপরও ফতুল্লা থানার কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, এত বড় এলাকায় একটি থানার মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয়।

 

আল আমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের ভোগান্তি কমাতে ফতুল্লায় আরও একটি থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়ন ও ফতুল্লার একটি অংশ নিয়ে একটি পৃথক থানা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের বাকি এলাকাগুলো নিয়ে আরেকটি থানা গঠন করা হলে জনগণ দ্রুত ও কার্যকর সেবা পাবে।

 

তিনি বলেন, আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আমাদের দাবি, যত দ্রুত সম্ভব ফতুল্লা থানাকে দুই ভাগে বিভক্ত করে নতুন থানা গঠন করা হোক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবে।