
সোনারগাঁয়ের মিরেরটেকে খেলনা পিস্তলসহ ৪ যুবক আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় খেলনা পিস্তল ও একটি অটোরিকশাসহ চার যুবককে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে জামপুর ইউনিয়নের মিরেরটেক সিনিয়র ফাজিল মাদ্রাসা এলাকার পূর্ব পাশে আলমপুরা যাওয়ার পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাইক সেভেন ডিউটিতে থাকাকালে একটি অটোরিকশাকে থামার সংকেত দেন। এ সময় অটোরিকশার চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে অটোরিকশাসহ চারজনকে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে আটক আমিনুল মানিক (২০)-এর কোমর থেকে পিস্তল সদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।
আটক অন্যরা হলো—জামপুর ইউনিয়নের কলাপাড়া এলাকার ইমন (১৯), আলামিন (১৯) এবং সাব্বির (২০)।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, উদ্ধারকৃত খেলনা পিস্তল ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :