সোনারগাঁয়ে নদী ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে নদী ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

সোনারগাঁয়ে নদী ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীতে আনুষ্ঠানিকভাবে এ পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, উলুকান্দী মাদ্রাসা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরেও পোনা অবমুক্ত করা হয়।

 

পোনা অবমুক্তকালে বক্তারা বলেন, নদী-নালা ও প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে স্থানীয়ভাবে মৎস্য উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এজন্য অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং পোনা ও মা মাছ নিধন প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, দেশীয় মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সরকারি উদ্যোগ নেওয়া হয়। এটি স্থানীয় পর্যায়ে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। তবে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, ড. মোসা. শামীমা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।