সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে, অস্ত্রসহ ১ জন আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে, অস্ত্রসহ ১ জন আটক

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে, অস্ত্রসহ ১ জন আটক

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, রাতের টহল চলাকালে ৬-৭ জনের একটি সশস্ত্র দল একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের ৫-৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে মিজানুর রহমান সোহেলকে আটক করে।

 

গ্রেপ্তার সোহেল কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে পুলিশকে জানিয়েছেন।

 

পুলিশের দাবি, তার দেওয়া তথ্যে রাকিব (৩৫), নাহিদ (৩৩), আলামিন (২৫), ইউসুফ (৩০)সহ আরও ১-২ জন অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের ঠিকানা কাঁচপুর উত্তরপাড়া এলাকায় বলে জানা গেছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।