বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় তাফসীর গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় তাফসীর গ্রেপ্তার

বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় তাফসীর গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে টুটুল (২৮) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলার অন্যতম আসামি তাফসীর (২৩)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১-এর একটি দল বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার তাফসীর বন্দর থানার আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।

 

র‌্যাব জানায়, গত ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দর থানার আলীনগর এলাকায় আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে টুটুলকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায় তাফসীরসহ কয়েকজন। সেখানে তাকে এলোপাতাড়ি মারধরের পর বুকের মাঝখানে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

 

পরে স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

র‌্যাব-১১ জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি তাফসীরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।