
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন অভিযোগকারী সাব্বির হোসেন (৫০) এবং তার দুই ছেলে ও তাদের বন্ধুরা। অভিযুক্তরা হলেন পাশের এলাকার বাসিন্দা মো. সৌরভ (৩৫) ও রাজিব (৪০)।
বন্দর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর, সোমবার, আনুমানিক রাত ৯টার দিকে নবীগঞ্জ বড় বাড়ির বাসিন্দা সাব্বির হোসেনের দুই ছেলে তাদের বন্ধুদের নিয়ে বিবাদীদের এলাকায় যান। সেখানে তারা তাদের ছোট ভাইদের মধ্যে হওয়া একটি ঝগড়া মিটমাট করার চেষ্টা করছিলেন। অভিযোগকারীর ভাষ্যমতে, এই মিটমাট করার বিষয় নিয়েই অভিযুক্ত মো. সৌরভ ও রাজিবসহ আরও কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
জানা গেছে, অভিযুক্তরা প্রথমে সাব্বির হোসেনের ছেলেদের এবং তাদের বন্ধুদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। মারধরের শিকার হয়ে তারা বাসায় ফিরে তাদের বাবাকে ঘটনাটি জানান।
অভিযোগকারী সাব্বির হোসেন জানান, তিনি যখন এই বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে যান, তখন তারা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠেন। এসময় বিবাদীরা তাকেসহ তার ছেলেদের এবং তাদের বন্ধুদের আবারও মারধর শুরু করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলায় তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়েছে। মারধরের এক পর্যায়ে অভিযুক্তরা তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছেন।
এ প্রসঙ্গে সাব্বির হোসেন অভিযোগে উল্লেখ করেন যে বিবাদীরা অত্যন্ত খারাপ মনোভাবাপন্ন ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তিনি আর কোনো উপায় না পেয়ে বিলম্ব হলেও বিষয়টি নিয়ে বন্দর থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন।
তিনি এ বিষয়ে দ্রুত আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :